প্রথমবার লঙ্কানদের হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৭:৪৪
প্রথমবারের মতো শ্রীলঙ্কা নারী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল ৩ উইকেটে জয় তুলে নেয়। এর মধ্য দিয়ে শুধু ঘরের মাঠেই নয়, সব মিলিয়ে প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে জয়ের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরুতে শ্রীলঙ্কা ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমেশা দুলানি ৫২ ও হানসিমা করুনারত্নে ৫৪ রান করেন। বাংলাদেশের হয়ে রিতু মনি ৩টি এবং নাহিদা আক্তার ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ভালো অবস্থানে থেকেও শেষ দিকে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপ সামলে ৭ উইকেট হারিয়ে ২০৬ রান তুলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা, হাতে থাকে ৯ বল।
বাংলাদেশের হয়ে শারমিন আক্তার দারুণ ব্যাটিং করলেও সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। তিনি ১২৭ বলে ১৩টি চারে ৮৬ রান করে আউট হন। এছাড়া সোবহানা মোস্তারি করেন ৪১ রান এবং স্বর্ণা আক্তার যোগ করেন ৩৫ রান।
এই জয়ে তিন ম্যাচের একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ নারী দল।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।