হৃদয়ের আগ্রাসী ফিফটিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দুর্দান্ত জয় বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ২০:২১
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা দারুণভাবে করল বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের আগ্রাসী ব্যাটিংয়ে ৬ উইকেটের চমৎকার জয় তুলে নিয়েছে টাইগাররা। ম্যাচে ২৭ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন হৃদয়।
সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক লিটন দাস। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে নিউজিল্যান্ড।
দলের পক্ষে ক্লার্ক ও ক্লেভার দুজনই সমান ৫১ রান করেন। কেলি ২৭ বলে ৩৯ রান যোগ করেন। শেষ দিকে ক্লার্কসন ১৪ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটামুটি ভালোই করে বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম মিলে উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন। তবে রান তোলার গতি খুব একটা বাড়াতে পারেননি তারা।
১৬ বলে ১৭ রান করে ফেরেন সাইফ। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন তানজিদ। কিছুটা আগ্রাসী খেলতে থাকলেও ১৫ বলে ২১ রান করে আউট হন লিটন। পরে ২৫ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন তানজিদ, তখন কিছুটা চাপে পড়ে দল।
এরপর পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাওহিদ হৃদয়। দুজন মিলে ৫৭ রানের জুটি গড়েন। ১৪ বলে ২৮ রান করে ইমন আউট হলেও এক চার ও দুই ছক্কায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
ইমনের বিদায়ের পর শামীম হোসেনকে নিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন হৃদয়। দ্রুত সময়েই নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি। শামীমও সমান তালে কিউই বোলারদের ওপর চড়াও হন।
শেষ পর্যন্ত এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। হৃদয় ২ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে শামীম ৩ চার ও ২ ছক্কায় ১৩ বলে ৩১ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।