পূর্ব জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১২:১২

সংগৃহীত

পূর্ব জাপানে মঙ্গলবার সকালে একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে সীমানে প্রদেশ ও পার্শ্ববর্তী তোত্তোরি জেলায় প্রথমে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণ পরই ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে একই অঞ্চল। এরপর কয়েক দফা ছোট ছোট আফটার শকও অনুভূত হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, এসব ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। তবে আগামী কয়েকদিন, বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে ৫ মাত্রার ওপরে আরও ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

জেএমএ আরও জানায়, যেসব এলাকায় ভূমিকম্পের প্রভাব বেশি ছিল, সেখানে ভূমিধস এবং পাহাড়ি এলাকা থেকে পাথর খসে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুটি আঞ্চলিক বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্র বা সরবরাহ ব্যবস্থায় অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। তবে ভূমিকম্পের প্রভাবে বুলেট ট্রেন চলাচলে সাময়িকভাবে কিছুটা বিঘ্ন ঘটে।

এদিকে বিভিন্ন ভবনে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে ভূমিকম্পের সময় কম্পনের দৃশ্য ধরা পড়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে।

সূত্র: এবিসি নিউজ

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top