বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

রাফাহ সীমান্ত আবার খুলল, গাজাবাসীর জন্য স্বস্তির বার্তা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৯:১৮

সংগৃহীত

ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-কে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যেই দক্ষিণ গাজার মানুষের জন্য স্বস্তির খবর এসেছে। বহুদিন বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে রাফাহ সীমান্ত ক্রসিং।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (১৯ মার্চ) এ তথ্য জানায়।

এর আগে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর একদিন পর নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে গাজা উপত্যকার সব প্রবেশপথের সঙ্গে রাফাহ ক্রসিংও বন্ধ করে দেয় ইসরায়েল। গত ১ মার্চ দেশটির সামরিক সংস্থা কোগাট এ সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই প্রথমবারের মতো সীমান্তটি পুনরায় খুলে দেওয়া হলো। এর ফলে অবরুদ্ধ গাজায় ত্রাণ সরবরাহ আবার চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

গাজার বাসিন্দাদের কাছে রাফাহ ক্রসিং দীর্ঘদিন ধরেই একমাত্র ভরসার পথ। মানবিক সহায়তা পৌঁছানো, খাদ্য ও ওষুধ সরবরাহ এবং গুরুতর অসুস্থদের চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে এই পথটির গুরুত্ব অপরিসীম।

সীমান্তটি চালু হওয়ায় গাজায় চলমান মানবিক সংকট কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। তবে অঞ্চলের অস্থির পরিস্থিতির কারণে এই পথ কতদিন খোলা থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top