সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

হাদি হত্যার সঙ্গে জড়িত নই, আমাকে ফাঁসানো হয়েছে: দাবি ফয়সালের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১৩:০২

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ও সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ নিজেকে নির্দোষ দাবি করেছেন। রোববার পশ্চিমবঙ্গের আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাদি হত্যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে।

এদিন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে বিধাননগর আদালতে তোলা হলে বিচারক তাদের ১২ দিনের বিচারবিভাগীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স কারাগারে যেতে পারবে। আগামী ২ এপ্রিল তাদের আবার আদালতে হাজির করা হবে।

তাদের বিরুদ্ধে ভারতের কঠোর সন্ত্রাসবিরোধী আইনের ১৬ ও ১৮ ধারায় মামলা করা হয়েছে। এসব ধারায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা বা প্ররোচনার অভিযোগ আনা হয় এবং দোষী প্রমাণিত হলে ন্যূনতম পাঁচ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

আদালত থেকে বের হওয়ার সময় ফয়সাল বলেন, কোথাও প্রমাণ দেখানো যাবে না যে তিনি সরাসরি গুলি করেছেন। সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেলেও গুলি করার কোনো দৃশ্য নেই বলেও দাবি করেন তিনি। তবে বাংলাদেশ থেকে কেন অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন এবং গত জানুয়ারিতে দুবাইয়ে থাকার ভুয়া ভিডিও প্রচারের বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ গত জানুয়ারিতে ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে, যেখানে ফয়সালকে প্রধান আসামি করা হয়।

গত ৭ মার্চ রাতে পশ্চিমবঙ্গের বিশেষ টাস্ক ফোর্স বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে। এছাড়া তাদের ভারতে পালাতে সহায়তা করা ফিলিপ সাংমাকেও ১৪ দিনের কারাগারে পাঠানো হয়েছে। দুবাইয়ে অবস্থানের নাটক সাজিয়েও শেষ পর্যন্ত ভারতে গ্রেপ্তার হওয়ায় এই হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top