মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

মার্কিন সামরিক চাপ উপেক্ষা করে ইসলামি বিপ্লব দিবস পালনে প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩০

সংগৃহীত

ইরানের সীমান্তের কাছে মার্কিন সামরিক নৌবহর অবস্থান নিলেও তা উপেক্ষা করে ইসলামি বিপ্লব দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে ব্যাপক শোভাযাত্রা ও গণমিছিল আয়োজন করা হয়েছে।

ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিলের অনুষ্ঠান ও প্রাদেশিক বিষয়ক উপ-প্রধান কামাল খোদাদাদেহ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানান, এবারের ‘২২ বাহমান’ উদযাপন উপলক্ষে ইরানের ১ হাজার ৪ শতাধিক শহরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি কাভার করতে দেশি-বিদেশি মিলিয়ে ৭ হাজার ৭ শতাধিক সাংবাদিক উপস্থিত থাকবেন।

তিনি বলেন, প্রতি বছর ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই কর্মসূচিতে এবারও বিপুল সংখ্যক সংবাদকর্মী অংশ নেবেন। এর মধ্যে ২০০-এর বেশি বিদেশি সাংবাদিক ও ক্যামেরাম্যান, পাশাপাশি আবাসিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও থাকবেন।

খোদাদাদেহ জানান, রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-র সব চ্যানেল, ৩৫০টির বেশি নিউজ টিমসহ আন্তর্জাতিক ও প্রাদেশিক নেটওয়ার্কগুলো সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করবে। তেহরানের রাজপথ ও ঐতিহাসিক আজাদি স্কয়ার থেকে সরাসরি শোভাযাত্রার দৃশ্য তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, অস্ট্রিয়ার ওআরএফ, তুরস্কের এনটিভি ও আনাদোলু এজেন্সি, যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজ, কাতারভিত্তিক আল জাজিরা, রাশিয়ার রিয়া নভোস্তি ও আরটি নিউজ, জার্মানির জেডডিএফ, স্পেনের ইএফই এবং চীনের সিসিটিভি ও সিনহুয়াসহ বহু আন্তর্জাতিক গণমাধ্যম এই কর্মসূচি প্রচারে প্রস্তুত রয়েছে।

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে খোদাদাদেহ বলেন, দেশে প্রায় ২ হাজার ৪০০ শহীদ ও ৩ হাজার আহতের স্মৃতি এখনও তাজা। শত্রুপক্ষ জনগণের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করলেও গত বছরের জুনে সংঘটিত ১২ দিনের যুদ্ধের সময় জাতি অভূতপূর্ব ঐক্য প্রদর্শন করেছে।

তিনি জানান, শোভাযাত্রার রুটে ইরানের অ্যারোস্পেস খাত ও সামরিক শিল্পের বিভিন্ন অর্জন প্রদর্শন করা হবে, যার কিছু প্রথমবারের মতো জনসমক্ষে উন্মোচিত হবে।

উল্লেখ্য, ইসলামি বিপ্লব দিবসের শোভাযাত্রা আয়োজন করা হয় ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্র-সমর্থিত পাহলভি একনায়কতন্ত্রের পতনের স্মরণে। ওই বছরের ১ ফেব্রুয়ারি নির্বাসন থেকে দেশে ফেরেন ইমাম খোমেনি এবং ১১ ফেব্রুয়ারি সেনাবাহিনী শাহের প্রতি আনুগত্য প্রত্যাহার করলে বিপ্লব চূড়ান্ত রূপ লাভ করে।

সূত্র: প্রেস টিভি

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top