যুদ্ধের আবহে তেলের দাম ঊর্ধ্বমুখী, হরমুজ প্রণালীতে ইরানের হুঁশিয়ারি
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৪:০৭
পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে ইরানের হামলার ফলে তেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝের এই সরু প্রণালী দিয়ে আমেরিকা-সহ বহু দেশের বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ চলাচল করে।
সামুদ্রিক বাণিজ্যের ওপর নজরদারি চালানো ব্রিটিশ সংস্থা ‘ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস’ জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালীতে দু’টি পণ্যবাহী জাহাজের ওপর হামলা হয়েছে এবং আরও একটি জাহাজের কাছে বিস্ফোরণ ঘটেছে। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, তারা এই প্রণালী দিয়ে কোনও জাহাজ যেতে দেবে না।
ভারতীয় সময় সকাল সাড়ে ৭টায় ব্যারেল প্রতি অশোধিত তেলের দাম ছিল ৭৬.১৬ ডলার, যা আগের তুলনায় ৪ শতাংশ বেশি। আমেরিকা নিয়ন্ত্রিত তেলের বাজারে দাম বেড়ে হয়েছে ৬৯.৬৭ ডলার।
গোটা বিশ্বে রফতানিযোগ্য তেলের ২০ শতাংশ যায় হরমুজ প্রণালী দিয়ে। তাই ভারতের জন্য এই অবরোধ চিন্তার কারণ, কারণ দেশের প্রায় ৫০ শতাংশ তেল এই জলপথ দিয়ে আমদানি হয়। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি ও কুয়েত থেকে প্রতিদিন ২৫-২৭ লক্ষ ব্যারেল তেল আসে এই প্রণালী থেকে। তবে কেন্দ্রীয় সূত্র জানাচ্ছে, আপাতত দেশের তেলের মজুত আছে, তাই স্বল্পমেয়াদে সরবরাহে সমস্যা হবে না।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।