সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

তেহরানের প্রাণকেন্দ্রে আবারও ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১১:৩০

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রে আবারও শক্তিশালী বিমান হামলা চালানো হয়েছে। সোমবার (২ মার্চ) ভোরে এ হামলার তথ্য জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা–র সরাসরি আপডেটেও বিষয়টি উল্লেখ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিমানবাহিনী তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে নতুন দফায় হামলা শুরু করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ওই হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সদর দপ্তর ধ্বংস হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, বিশ্বে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী এবং বিপ্লবী গার্ডের আর কোনো কার্যকর সদর দপ্তর অবশিষ্ট নেই।

বিবৃতিতে আরও বলা হয়, গত ৪৭ বছরে বিপ্লবী গার্ড এক হাজারেরও বেশি মার্কিন নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। যুক্তরাষ্ট্রের বৃহৎ আঘাতে তাদের সেই সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়।

তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি ও বিবৃতির ভিত্তিতেই এসব তথ্য প্রকাশিত হয়েছে; এগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top