সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ০৯:৫১

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ব্যাপক সামরিক পাল্টা অভিযান শুরু করেছে ইরান। পাল্টাপাল্টি হামলার জেরে সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন প্রবাসী নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

ইসরায়েলি সংবাদমাধ্যম এবং আমিরাতভিত্তিক প্রভাবশালী গণমাধ্যমের খবরে জানা গেছে, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালের নাগরিক রয়েছেন।

নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার ছবর আলীর ছেলে।

রোববার (১ মার্চ) রাতে সালেহ আহমেদের চাচাতো ভাই, আমিরাত প্রবাসী মাহবুব আলম চৌধুরী জানান, সালেহ দীর্ঘদিন ধরে সেখানে খাবার সরবরাহকারী কর্মী হিসেবে কাজ করতেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর কর্মস্থলে বের হন তিনি। এ সময় ইরানের হামলায় বিস্ফোরণের ঘটনায় সালেহ আহমেদ নিহত হন।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, ইরানের ছোড়া মোট ১৬৫টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৫২টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এছাড়া দুটি শক্তিশালী ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও মাঝ আকাশে ধ্বংস করা হয়।

তবে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের কিছু অংশ আবাসিক এলাকায় আঘাত হানায় হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরান থেকে বিপুল সংখ্যক চালকবিহীন উড়োজাহাজও আমিরাতের দিকে পাঠানো হয়। রাডারে মোট ৫৪১টি চালকবিহীন উড়োজাহাজ শনাক্ত করা হয়, যার মধ্যে ৫০৬টি আকাশেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আধুনিক প্রতিরোধ ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আকাশপথ নিরাপদ রাখতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আমিরাতি বাহিনী।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top