বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৩:২২

যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা।  ছবি: সংগৃহীত

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলে দাবি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার প্রকাশিত প্রতিবেদনে ইসরায়েলি ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, যুদ্ধের একেবারে শুরুতে চালানো একটি ভয়াবহ হামলায় মোজতবা খামেনির পায়ে আঘাত লাগে।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির উত্তরসূরি হিসেবে গত রোববার ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আলী খামেনি যুদ্ধের প্রথম দিনেই নিহত হন। এরপর দ্রুতই মোজতবাকে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় আহত হওয়ার পর বর্তমানে মোজতবা খামেনি কোথায় এবং কী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন— সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

দায়িত্ব গ্রহণের পরও এখন পর্যন্ত তিনি জনসমক্ষে বা টেলিভিশনে ভাষণ দেননি। বিশ্লেষকদের ধারণা, শারীরিক আঘাতের কারণেই তিনি প্রকাশ্যে আসতে পারছেন না।

তেহরানের বিভিন্ন সড়কে তার ছবি সম্বলিত ব্যানার ও পোস্টার টানানো হলেও নেতার অনুপস্থিতি সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, আলী খামেনির মৃত্যুর পর তড়িঘড়ি করে মোজতবাকে ক্ষমতায় বসানো হলেও তার শারীরিক অবস্থা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।

একদিকে যুদ্ধকালীন পরিস্থিতি, অন্যদিকে নতুন সর্বোচ্চ নেতার আহত হওয়ার খবর—এই দুই পরিস্থিতি ইরানের সামরিক বাহিনী ও জনগণের মনোবলের ওপরও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এখন পর্যন্ত মোজতবা খামেনির আহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে খামেনি পরিবারের ওপর ধারাবাহিক এই আঘাত ইরানের শাসনব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও নতুন করে প্রশ্ন উঠেছে- গুরুতর আহত হলে ইরানের নেতৃত্বে মোজতবা খামেনি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top