ঈদের আগে যানজটের কবলে খুলনা নগরী

খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৫:১৯

ঈদের আগে যানজটের কবলে খুলনা নগরী।  ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে খুলনা নগরীর প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও অলিগলিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নগরবাসীকে এই যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে অনিয়ন্ত্রিত মোটরচালিত রিকশা ও বিপুল সংখ্যক ইজিবাইকের কারণে নগরীর সড়কগুলো কার্যত দখলে চলে গেছে।

নগরীর শিববাড়ী, পাওয়ার হাউজ, ফেরিঘাট, ডাকবাংলো, শান্তিধাম, ময়লাপোতা মোড়, শামসুর রহমান রোড, কমার্স কলেজ মোড়, সাউথ সেন্ট্রাল রোড, সিমেট্টি রোড, স্যার ইকবাল রোড, পিটিআই মোড়, টুটপাড়া কবরখানা মোড়, সাতরাস্তার মোড়, ফুলমার্কেট, ক্লে রোড, কদমতলা স্টেশন রোড ও কালীবাড়ি রোডসহ ব্যস্ততম সড়কগুলোতে প্রতিদিনই যানজটে আটকে পড়ছেন কর্মব্যস্ত মানুষ। এসব এলাকায় ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও বেপরোয়া মাহেন্দ্রার আধিপত্যে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

ঈদের এখনও প্রায় ১২ দিন বাকি। এই সময় প্রশাসনের নজর এড়িয়ে শহরের বাইরে থেকে অতিরিক্ত ইজিবাইক ও মোটরচালিত রিকশা নগরীতে প্রবেশ করছে বলে অভিযোগ উঠেছে। ফলে প্রতিনিয়ত বাড়ছে যানজটের তীব্রতা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।

কেএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, অবৈধ ইজিবাইক ও অনিয়ন্ত্রিত মোটরচালিত রিকশাই যানজটের প্রধান কারণ। যানজট নিরসনে নগরীর বিভিন্ন স্থানে ৩৮৮ জন পুলিশ দায়িত্ব পালন করছেন। অনুমোদিত ১০ হাজার ইজিবাইকের বাইরে অতিরিক্ত প্রায় ১৫ হাজার মোটরচালিত রিকশা নগরীতে চলাচল করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বেলা ১১টার পর পিকচার প্যালেস থেকে থানার মোড় পর্যন্ত সড়কে যানবাহনের গতি ধীর হয়ে যায়। কিছু সময় পর আবার স্বাভাবিক হয়। এছাড়া সড়কে চলাচলের অনুমতি দেয় বিআরটিএ। খুলনায় ইজিবাইক চলাচলের অনুমোদন দিয়েছে সিটি করপোরেশন। তবে যানজট নিরসনে ট্রাফিক বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডাকবাংলো মোড়ে কথা হয় শহীদুল নামের এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, নগরীর কোথাও কোনো শৃঙ্খলা নেই। মোড়ে মোড়ে ইজিবাইকের অঘোষিত স্ট্যান্ড তৈরি হয়েছে। অদক্ষ চালকদের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আবার যত্রতত্র যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা করানোয় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

অন্যদিকে এক ইজিবাইক চালক জানান, অনুমোদিত যাত্রী পরিবহনের জন্য ইজিবাইকের সংখ্যা আট হাজার। তবে উৎসব এলেই প্রশাসনকে ফাঁকি দিয়ে বাইরে থেকে অনুমোদনবিহীন অনেক পরিবহন শহরে ঢুকে পড়ে। এর ফলেই সৃষ্টি হয় তীব্র যানজট।

নগরবাসীর দাবি, ঈদকে সামনে রেখে যানজট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভোগান্তি আরও বাড়বে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top