ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান—নিখোঁজ ক্রুকে ঘিরে পুরস্কার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৩:৫৯
ইরানে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রুকে ঘিরে শুরু হয়েছে নাটকীয় তল্লাশি অভিযান। তাকে জীবিত অবস্থায় ধরিয়ে দিলে বড় অঙ্কের পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে জানানো হয়, নিখোঁজ ওই পাইলট বা ক্রুকে খুঁজে বের করতে সাধারণ নাগরিকদের অংশগ্রহণে আহ্বান জানিয়েছে একটি ইরানি টেলিভিশন চ্যানেল।
ঘোষণায় বলা হয়েছে, কেউ যদি ওই ক্রুকে জীবিত অবস্থায় আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন, তবে তাকে মূল্যবান পুরস্কার দেওয়া হবে।
প্রতিবেদন অনুযায়ী, কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। দুর্গম পাহাড়ি এই এলাকায় অনুসন্ধানে স্থানীয় জনগণকেও যুক্ত হতে বলা হয়েছে। পাশের চাহারমহল ও বখতিয়ারি প্রদেশেও একই নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে সম্প্রচারিত বার্তায় সন্দেহভাজন কাউকে দেখলে গুলি করার আহ্বান জানানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
পুরস্কারের ঘোষণা ছড়িয়ে পড়ার পর স্থানীয় অনেক মানুষ ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। তবে ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করে জানিয়েছে, ওই পাইলটের সঙ্গে যেন কোনো ধরনের খারাপ আচরণ না করা হয়।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহু মানুষ ইতোমধ্যে তল্লাশি অভিযানে অংশ নিচ্ছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রদেশটির গভর্নর নিখোঁজ মার্কিন পাইলটকে ধরিয়ে দিলে প্রায় ৬৬ হাজার ১০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১ লাখ টাকার বেশি) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে, ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে রয়েছে।
জানা গেছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটি ছিল এফ-১৫ই মডেলের, যেখানে সাধারণত দুজন ক্রু থাকেন। তাদের একজনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে, তবে অন্যজন এখনও নিখোঁজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান নিখোঁজ সেনার খোঁজে পাহাড়ি এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে।
নিখোঁজ এই ক্রুকে ঘিরে একদিকে যেমন চলছে সামরিক উদ্ধার অভিযান, অন্যদিকে সাধারণ মানুষের অংশগ্রহণে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। বিশ্লেষকদের মতে, পুরো ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।