শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বর্ষীয়ান অভিনেতা সোহেল রানা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৫:২৬

সংগৃহীত

ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক সোহেল রানা উন্নত চিকিৎসার জন্য আগামী রোববার (৫ এপ্রিল) রাতে ঢাকা ত্যাগ করবেন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই তথ্য জানিয়েছেন, যদিও অসুস্থতার প্রকৃতি উল্লেখ করেননি।

ফেসবুক পোস্টে সোহেল রানা লিখেছেন, “ইনশাআল্লাহ পরশু অর্থাৎ আগামী ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।”

তার এই ঘোষণার পর থেকে চলচ্চিত্রাঙ্গনের সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সত্তর ও আশির দশকের জনপ্রিয় এই নায়কের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন তিনি। পরের বছর ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে নায়ক হিসেবে পর্দায় আসেন এবং ‘সোহেল রানা’ নাম গ্রহণ করেন। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়, প্রযোজনা ও পরিচালনায় অসামান্য অবদানের জন্য তিনি দেশের চলচ্চিত্রে এক অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top