সৌদি আরবের জুবাইল শিল্পাঞ্চলে ইরানের ভয়াবহ হামলা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৮:২২
সৌদি আরবের পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী জুবাইলের একটি বিশাল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান।
মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এই হামলার খবর প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক বাহিনী সৌদি আরবের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে। জুবাইল শহরটি সৌদি আরবের জ্বালানি অর্থনীতির কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে বিপুল পরিমাণ তেল ও গ্যাস উৎপাদন হয়।
এ পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে হামলার বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলের আকাশে ছোঁড়া একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। হামলার ফলে শিল্প এলাকার ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির সংখ্যা এখনো স্পষ্ট নয়।
ইরান-সৌদি দ্বন্দ্বের মধ্যেই আজ সকালে ইরানের ওপর যৌথ আকাশ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, অন্তত ১৭টি বেসামরিক স্থাপনায় সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হয়েছে। সংস্থাটি এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, জনবসতিপূর্ণ এলাকা ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। উদ্ধারকাজ পরিচালনা করা এই পরিস্থিতিতে কঠিন হয়ে পড়েছে।
জাতিসংঘ এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী যেকোনো পরিস্থিতিতেই বেসামরিক অবকাঠামোতে হামলা নিষিদ্ধ। সামরিক কৌশলের অংশ হলেও, অতিরিক্ত বেসামরিক প্রাণহানির ঝুঁকি থাকলে হামলা চালানো যাবে না।
দুজারিক আরও বলেন, এই ধ্বংসাত্মক যুদ্ধ অবিলম্বে বন্ধ করা এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা বিশ্বের সকল দেশের দায়িত্ব।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।