বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে দিবো না:স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৫:০৫

সংগৃহীত

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। জলপাইগুড়ির এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে কেউ ‘বাবরি মসজিদ’-এর মতো কোনো কাঠামো তৈরি করতে পারবে না। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, রাজ্যে বিতর্কিত ধর্মীয় প্রকল্পের পেছনে রাজনৈতিক মদত থাকতে পারে।

অমিত শাহের অভিযোগ, নবগঠিত আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর তৃণমূল নেতৃত্বের ইঙ্গিতেই বিতর্কিত কর্মকাণ্ড চালাচ্ছেন। তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট মসজিদ নির্মাণ প্রকল্পের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা চলছে। শাহের বক্তব্য অনুযায়ী, এই ধরনের উদ্যোগকে বিজেপি কোনওভাবেই এগোতে দেবে না।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে। দলটির পক্ষ থেকে এগুলোকে ‘উস্কানিমূলক ও হুমকিমূলক’ বলে অভিহিত করা হয়েছে এবং গণতান্ত্রিকভাবে এর জবাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি মসজিদ নির্মাণ প্রকল্প, যা ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত বছরের ডিসেম্বরে তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবীর এই প্রকল্পকে ঘিরে বিতর্ক তৈরি করেন।

নির্বাচনের আগে এই ইস্যুতে বিজেপি ও তৃণমূলের পাল্টাপাল্টি বক্তব্যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও মেরুকৃত হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ভোটের ফলাফলের ওপর নির্ভর করবে এই বিতর্কিত প্রকল্পের ভবিষ্যৎ দিক।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top