দুর্নীতি দমনে বড় পদক্ষেপ নিলেন নবনির্বাচিত নেপাল সরকার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৫:০৫
নেপালে দুর্নীতি দমন ও সরকারি স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে সাবেক ও বর্তমান রাজনীতিকসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সম্পদ ও সম্পত্তি খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করেছে নতুন সরকার।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন সরকার এই উদ্যোগ নিয়েছে। ৩৫ বছর বয়সী শাহ, যিনি আগে র্যাপার ও পরে কাঠমান্ডুর মেয়র ছিলেন, তার সংস্কারপন্থী ও দুর্নীতিবিরোধী অবস্থানের জন্য তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) গত ৫ মার্চের সংসদ নির্বাচনে বড় জয় পাওয়ার পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ওই নির্বাচনকে গত সেপ্টেম্বরের দুর্নীতিবিরোধী ‘জেন জেড’ আন্দোলনের পর নেপালের প্রথম জাতীয় নির্বাচন হিসেবে দেখা হচ্ছে।
সরকারি মুখপাত্র সসমিত পোখরেল জানান, পাঁচ সদস্যের এই কমিশনের নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেন্দ্র কুমার ভান্ডারি। তার ভাষায়, “প্রমাণভিত্তিক ও আইনগত মানদণ্ড মেনে নিরপেক্ষভাবে তদন্ত পরিচালিত হবে। কমিশনের সুপারিশ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো বাস্তবায়ন করবে।”
তবে তদন্ত শেষ করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, এই কমিশনের আওতায় ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্তির পর থেকে ক্ষমতায় থাকা শত শত রাজনীতিক ও আমলাদের সম্পদ, আয় ও আর্থিক লেনদেন পর্যালোচনা করা হতে পারে।
নির্বাচনের সময় আরএসপি দুর্নীতি দমনকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরে প্রচারণা চালিয়েছিল এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।