রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৯

সংগৃহীত

ইসরায়েল-এর তেল আবিবসহ বিভিন্ন শহরে শনিবার সরকারবিরোধী বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর পদত্যাগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানায় বিক্ষোভ কারীরা।

ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা যায়, তেল আবিবের হাবিমা স্কোয়ার ছিল বিক্ষোভের মূল কেন্দ্র। সেখানে কঠোর পুলিশ নিরাপত্তার মধ্যেও হাজার হাজার মানুষ জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।

বিক্ষোভকারীরা গাজায় আটক বন্দিদের বিষয়ে সরকারের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন। পাশাপাশি তারা দাবি জানান, ৭ অক্টোবরের ঘটনায় রাষ্ট্রীয় ব্যর্থতা খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের অধীনে একটি নিরপেক্ষ কমিশন গঠন করা হোক।

জেরুজালেমেও শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন, আর হাইফার হোরেভ সেন্টারে প্রায় এক হাজার বিক্ষোভকারী সমবেত হন। দেশটির বিভিন্ন শহরেও ছোট-বড় বিক্ষোভের খবর পাওয়া গেছে।

এই আন্দোলনের আয়োজন করে দুর্নীতিবিরোধী সংগঠন মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট এবং অন্যান্য নাগরিক অধিকারভিত্তিক গোষ্ঠী।

অন্যদিকে, নেতানিয়াহু সরকার এখন পর্যন্ত ৭ অক্টোবরের ঘটনার জন্য রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনে অনীহা প্রকাশ করে আসছে। সরকারের দাবি, এমন কমিশন রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হতে পারে।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনে নেতানিয়াহুর বিরুদ্ধে চাপও বাড়ছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা চলমান রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top