সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

আবারও বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩০

সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দফা আলোচনা ভেস্তে যাওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

রোববার বৈশ্বিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে যায়। গ্রিনউইচ মান সময় (জিএমটি) ০০:৩০ অনুযায়ী ব্রেন্টের দাম দাঁড়ায় প্রতি ব্যারেল ১০৭ দশমিক ৩৫ ডলারে, যা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে তেলের দামে।

তবে অস্থিরতা সত্ত্বেও এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বিনিয়োগকারীরা আপাতত যুদ্ধবিরতি সংক্রান্ত অনিশ্চয়তাকে বড় ঝুঁকি হিসেবে নিচ্ছেন না বলে ধারণা করা হচ্ছে।

জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ সকালে প্রায় ০.৪ শতাংশ বেড়েছে। একই সময়ে দক্ষিণ কোরিয়ার কসপি সূচকও প্রায় ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে এই ধরনের ভূরাজনৈতিক উত্তেজনা দীর্ঘ হলে তেলের দাম আরও ওঠানামা করতে পারে।

সূত্র: আল জাজিরা

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top