সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যায় ৫ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৩:০৪

সংগৃহীত

কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার বিস্তারিত তুলে ধরতে রাজধানীতে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ও তদন্তের অগ্রগতি জানানো হবে।

নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস (নন-ক্যাডার) কর্মকর্তা ছিলেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের সুশীল বৈরাগীর ছেলে। কর্মসূত্রে তিনি পরিবারসহ কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় বসবাস করতেন।

জানা যায়, ১১ এপ্রিল প্রশিক্ষণের উদ্দেশ্যে তিনি চট্টগ্রামে যান। প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাত ১১টার দিকে তিনি চট্টগ্রাম থেকে বাসে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। রাত ১টা ২৫ মিনিটে তিনি পরিবারের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করেন, তখন তিনি জানান যে তিনি কুমিল্লার টমছমব্রিজ চৌরাস্তায় পৌঁছেছেন। এরপর তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।

পরদিন সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মেধাবী এই কর্মকর্তার নির্মম মৃত্যুতে পরিবারসহ কাস্টমস বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top