রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

মৃত্যুর সময়ও সন্তানকে বুকে জড়িয়ে রাখলেন মা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৩:০২

সংগৃহীত

মধ্যপ্রদেশের জবলপুরে বরগি বাঁধে পর্যটকবাহী ক্রুজ উল্টে ভয়াবহ দুর্ঘটনায় দিল্লির এক মা ও তাঁর ৪ বছরের সন্তানের নিথর দেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকারীরা জানান, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত মা সন্তানকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে রেখেছিলেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে। শুক্রবার সকালে নর্মদা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকারীদের চোখে জল চলে আসে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখে।

নিহত মা ও শিশু দিল্লির বাসিন্দা ছিলেন। তাঁরা পরিবারের সঙ্গে নর্মদা ভ্রমণে গিয়েছিলেন। একই পরিবারের চারজনের মধ্যে বাবা ও আরেকটি মেয়ে কোনোভাবে প্রাণে বেঁচে গেছেন।

দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা সৈয়দ রিয়াজ হোসেন জানান, হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তের মধ্যে উল্টে যায়। তিনি বলেন, “চারপাশে শুধু চিৎকার আর পানি ঢুকে যাওয়ার শব্দ শুনতে পাই। আমি জলের নিচে চলে গিয়েছিলাম, কিন্তু কোনোভাবে মাথা ভেসে থাকায় শ্বাস নিতে পেরেছি।”

প্রশাসনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আহত ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মোট ৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আর ৫ শিশুসহ আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও স্থানীয় পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

তদন্তে জানা গেছে, ক্রুজের ক্যাপ্টেন লাইফ জ্যাকেট পরে থাকায় প্রাণে বেঁচে যান। তবে পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top