শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত বৃদ্ধকে কুপিয়ে হত্যা, এক যুবক আটক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৩:০৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে।
রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজ উদ্দিন (৯০) ওই এলাকার পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় হাফিজ উদ্দিন সিজদারত অবস্থায় ছিলেন। ঠিক তখনই জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তি মসজিদে ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।
শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।