জ্বালানি সংকটে আন্তর্জাতিক রুটে ১০০ ফ্লাইট কমাচ্ছে ইন্ডিয়া
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১১:২০
জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া আগামী জুন মাস থেকে তাদের আন্তর্জাতিক রুটে প্রায় ১০০টি ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (১ মে) ভারতীয় দৈনিক ইকোনমিক টাইমস এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে টাটা গ্রুপের মালিকানায় আসার পর থেকে এয়ার ইন্ডিয়া দৈনিক প্রায় ১,১০০টি ফ্লাইট পরিচালনা করে আসছে। তবে বর্তমানে ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরসহ দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক রুটে সবচেয়ে বেশি কাটছাঁট করা হবে।
জানা গেছে, কোম্পানিটি বর্তমানে প্রায় ২.১ বিলিয়ন ডলার লোকসানে রয়েছে। ২০২৫ সালের মে মাসে আঞ্চলিক সামরিক উত্তেজনার পর পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় তাদের অপারেশনাল খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
এয়ারলাইনটির এক কর্মকর্তা জানান, অনেক ফ্লাইট এখন আর পরিচালন ব্যয় তুলতে পারছে না। দীর্ঘ রুটে বিকল্প পথ ব্যবহার করতে হওয়ায় জ্বালানি ও সময় উভয় খরচ বেড়েছে।
এদিকে ভারত সরকার সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম প্রতি কিলোলিটারে ২,১৪০ ডলারের বেশি হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ।
বিশ্বব্যাপী জেট ফুয়েলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে, ফলে বিমান খাতের ওপর চাপ আরও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতের বিমান সংস্থাগুলো জ্বালানি ব্যয়ের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে এবং সরকারের হস্তক্ষেপ দাবি করছে।
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে টিকিটের দাম আরও বাড়তে পারে এবং আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা আরও কমে যেতে পারে।
সূত্র: আরটি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।