বাজার তদারকিতে ডিসিদের কঠোর ভূমিকা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৩:০৪
জেলা প্রশাসকদের (ডিসি) নিয়মিত বাজার তদারকি করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মাঠ পর্যায়ের প্রশাসনই জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করে।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ডিসিরা মাঠ পর্যায়ের “অ্যাম্বাসেডর” হিসেবে দায়িত্ব পালন করছেন। কেউ যেন সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।
তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকতে হবে। বর্তমান যুগ এআই ও ডিজিটাল প্রযুক্তির যুগ উল্লেখ করে তিনি বলেন, জনপ্রশাসনের কাজ যেন স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হয় তা নিশ্চিত করতে হবে।
কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পান এবং সময়মতো সার, কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ পান—এ বিষয়ে নজর রাখতে হবে।
প্রধানমন্ত্রী মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্ব দিয়ে বলেন, কেউ যেন খাদ্যে ভেজাল দিতে না পারে এবং সাধারণ মানুষ যেন সরকারি সেবা পেতে হয়রানির শিকার না হন।
এছাড়া তিনি মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, নারী ও শিশু নির্যাতন বন্ধ, বাল্যবিবাহ রোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার ও স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।