তৃণমূলের শেষ, নাকি বিজেপির শুরু জানা যাবে আজ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ০৮:১৫

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল আজ সোমবার ঘোষণা করা হচ্ছে। একই দিনে আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরির নির্বাচনের ফলও প্রকাশ করা হবে। তবে সবচেয়ে বেশি নজর রয়েছে পশ্চিমবঙ্গের বহুল আলোচিত এই নির্বাচনের দিকে।

এবারের নির্বাচনে মূল লড়াই হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির মধ্যে। টানা চতুর্থবারের মতো তৃণমূল সরকার গঠন করতে পারবে কি না, নাকি প্রথমবারের মতো ক্ষমতায় আসবে বিজেপি—তা নিয়েই চলছে নানা বিশ্লেষণ।

বুথফেরত জরিপে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। কিছু জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হলেও, আবার কোথাও তৃণমূলকে সামান্য এগিয়ে দেখানো হয়েছে। ফলে চূড়ান্ত ফল নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

এবারের নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে, যা রেকর্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। নাগরিকত্ব, নিরাপত্তা ও উন্নয়ন ছিল প্রধান আলোচ্য বিষয়।

আজ সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে। প্রথমে ডাকযোগে প্রাপ্ত ব্যালট এবং পরে ইলেকট্রনিক ভোটিং যন্ত্রের ভোট গণনা করা হচ্ছে। তবে একটি আসনে অনিয়মের অভিযোগে পুনঃভোট হওয়ায় সেখানে ফল পরে প্রকাশ করা হবে। ফলে মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফল আজ জানা যাবে।

নির্বাচন ঘিরে অনিয়ম ও সংঘর্ষের অভিযোগও উঠেছে। কিছু এলাকায় পুনঃভোট গ্রহণ করা হয়েছে এবং সহিংসতার ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে এবারের পশ্চিমবঙ্গ নির্বাচনকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে দেখা হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top