মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৪:৩০

ছবি: সংগৃহীত

ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ভিক্টরি ডে উপলক্ষে আগামী ৮ ও ৯ মে দুই দিনের জন্য অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে যুদ্ধবিরতির সময়েও কড়া সতর্কবার্তা দিয়েছে মস্কো। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এই সময়ে ইউক্রেন কোনো ধরনের হামলা চালালে তার জবাবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। একই সঙ্গে কিয়েভে অবস্থানরত সাধারণ মানুষ ও বিদেশি দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব তারা পাননি। তিনি বলেন, ইউক্রেন নিজ উদ্যোগে ৫ ও ৬ মে মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর করবে।

এদিকে রাশিয়ার দাবি, গত এক সপ্তাহে ইউক্রেনের সুমি, দোনেৎস্ক ও খারকিভ অঞ্চলের অন্তত ১০টি নতুন এলাকা তাদের নিয়ন্ত্রণে এসেছে। তবে ইউক্রেন জানিয়েছে, তারা পাল্টা হামলা জোরদার করেছে এবং রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন স্থানে দীর্ঘপাল্লার আঘাত হানছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top