মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

আমিরাতে তেল স্থাপনায় ড্রোন হামলা, ৩ ভারতীয় আহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৪:৪১

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় একটি পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সোমবার রাতে এই হামলা চালানো হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে তিনটি প্রতিহত করা সম্ভব হয়েছে এবং একটি সমুদ্রে গিয়ে পড়ে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের বিভিন্ন এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার ফল।

পরবর্তীতে ফুজাইরার গণমাধ্যম কার্যালয় জানায়, ড্রোন হামলার পর পেট্রোলিয়াম শিল্প এলাকায় বড় ধরনের আগুন লাগে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে হরমুজ প্রণালীতে আমিরাতের একটি তেলবাহী জাহাজেও হামলার ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ জানায়, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট একটি জাহাজ প্রণালী অতিক্রমের সময় হামলার শিকার হয়। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top