বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ০৮:২৩

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, চলন্ত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে। এতে চন্দ্রনাথ রথ গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা বুদ্ধদেব বেরা নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, রাতে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় একদল দুর্বৃত্ত। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় পৌঁছানোর পর হামলাকারীরা গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালায়।

চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় হলেও তিনি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় বসবাস করতেন। রাজনৈতিক সূত্রের দাবি, ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর পক্ষে মাঠপর্যায়ে কাজ করা দলের সক্রিয় সদস্য ছিলেন চন্দ্রনাথ ও বুদ্ধদেব বেরা।

এই হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top