হরমুজ ইস্যুতে পিছু হটলেন ট্রাম্প, স্থগিত করলেন ‘প্রজেক্ট ফ্রিডম’
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১১:০৫
হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের একটি সামরিক উদ্যোগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ‘স্বাধীনতা প্রকল্প’ নামে পরিচিত এই কর্মসূচি আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ সময় বুধবার (৬ মে) ভোরে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক পদক্ষেপে অর্জিত অগ্রগতি এবং চলমান কূটনৈতিক আলোচনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির দিকে কিছুটা অগ্রগতি হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণের স্বার্থে এই উদ্যোগ আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে ইরানের ওপর আরোপিত অবরোধ এখনো বহাল রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, এই ‘স্বাধীনতা প্রকল্প’ মূলত একটি প্রতিরক্ষামূলক সামরিক পরিকল্পনা ছিল, যার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে। এর পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র ওমান সাগর এলাকায় নৌ অবরোধ জারি করে, ফলে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যায়।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র ‘স্বাধীনতা প্রকল্প’ ঘোষণা করেছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতির কারণে এখন তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।