ছাত্রদল নেতাসহ ২৩ শিক্ষার্থীর নামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫৮
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানসহ ২৩ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা তানজিদুল হক (তানজিদ মঞ্জু)। মোটরসাইকেল চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, বরিশাল মেট্রোপলিটন দ্রুত আমলি বিচার আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। গত বছরের ২৬ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে বরিশাল মেরিন অ্যাকাডেমির সামনে নভোথিয়েটার সংলগ্ন আনন্দবাজার এলাকায় তানজিদ মঞ্জুর মোটরসাইকেল চুরি করে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
মামলায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মিঠুকে ১ নম্বর আসামি করা হয়েছে। ববি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান ৭ নম্বর আসামি। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন ইংরেজি বিভাগের বাবুল মিয়া, রাকিন, প্রীতম, আতিক আবদুল্লাহ ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইব্রাহিম হোসেনসহ মোট ২৩ জন।
জানা গেছে, ২০২৫ সালের ২৪ আগস্ট নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুকে আটক করার চেষ্টা করা হলে তিনি পালিয়ে যান। ঘটনাস্থলে তার ফেলে যাওয়া মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
মো. মিজানুর রহমান বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল, এ মামলা তারই প্রমাণ। কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই এটি হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, “আমি এমন একটি মামলার বিষয় শুনেছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর থেকে তথ্য চাওয়া হয়েছিল, তবে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট তথ্য প্রদান করা হয়নি।”
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।