প্রধানমন্ত্রীর পর এবার নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশকেও গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১১:৩৮
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত বছরের সেপ্টেম্বরে সংঘটিত ‘জেন-জি’ বিক্ষোভ দমনে সহিংসতা ও প্রাণহানির অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ভক্তপুরের গুন্ডু এলাকায় অলি তার বাসভবন থেকে আটক হন। একই অভিযোগে রমেশ লেখককেও গ্রেফতার করা হয়েছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ শপথ গ্রহণের একদিনের মধ্যেই এই ঘটনা ঘটে।
কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানান, গ্রেফতারের পর আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, “এটি প্রতিশোধমূলক পদক্ষেপ নয়; ন্যায়বিচারের সূচনা।” তিনি যোগ করেছেন, “আইনের ঊর্ধ্বে কেউ নেই এবং দেশের উন্নয়নের পথে এই পদক্ষেপ সাহায্য করবে।”
তবে সাবেক প্রধানমন্ত্রী অলি এই গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন।
গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া দুর্নীতিবিরোধী ছাত্র-যুব আন্দোলন থেকে দেশব্যাপী বিক্ষোভে অন্তত ৭০ জন নিহত হন। বিক্ষোভকারীরা সংসদ ভবন ও সরকারি স্থাপনায় আগুন ধরিয়ে দিলে তৎকালীন সরকারের পতন ঘটে। পরে প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
সাম্প্রতিক সংসদ নির্বাচনের পর বলেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সহিংসতার ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিশন গঠন করা হয়। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি গুলি চালানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপের অভাব ছিল। এ দায়ে সাবেক প্রধানমন্ত্রী অলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক ও তৎকালীন পুলিশ প্রধানের বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।