নরসিংদীতে সন্ত্রাস ও মাদক নির্মূলে যৌথ অভিযান:স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:২১

সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নরসিংদীর সবচেয়ে বড় সমস্যা হলো রায়পুরা উপজেলা, যেখানে সন্ত্রাসীদের উপস্থিতি বেশি এবং হাতিয়ারও রয়েছে। তাই সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ সব নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে টেঁটা এলাকায় সন্ত্রাসীরা শক্তিশালী অবস্থানে রয়েছে, তাই তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বুধবার দুপুরে নরসিংদী জেলা কারাগার ও পুলিশ লাইন্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “২০১৯ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে আগুন দিয়ে কয়েদিদের পালানো ও অস্ত্র লুটের ঘটনায় বেশ কিছু কয়েদি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে, আবার অনেককে গ্রেপ্তার করা হয়েছে। জেলখানায় লুট হওয়া অস্ত্রের মধ্যে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা আরও জানান, জেলখানায় থাকা কয়েদিদের মধ্যে অধিকাংশই মাদক মামলার আসামি। মাদক নির্মূলে কাজ করা হবে এবং মাদক মামলার কয়েদিদের জন্য বিশেষ কারাগার গড়ে তোলা হবে।

তিনি পুলিশের মনবল বৃদ্ধির প্রশংসা করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মতোই স্বরাষ্ট্র উপদেষ্টারও চিন্তাভাবনা রয়েছে। এছাড়া পুলিশের প্রশিক্ষণের মান বৃদ্ধি করার তাগিদ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক প্রমুখ।

সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী পুলিশ লাইনসের ক্যান্টিন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে তিনি জেলা কারাগার পরিদর্শন করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top