বোনকে হত্যার ৩১ বছর পর গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভাই

রংপুর প্রতিনিধি | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪২

ফি উদ্দিন।  ছবি: সংগৃহীত

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফুফাতো বোনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শফি উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-১৩।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে রংপুর জেলার বদরগঞ্জ পৌর এলাকার পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন এলাকা থেকে শফি উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শফি উদ্দিন (৬০) রংপুরের মিঠাপুকুর উপজেলার খামার কুর্শা গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, ১৯৯৫ সালে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে শফি উদ্দিন তার ফুফাতো বোনকে হত্যা করে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত প্রধান আসামি শফি উদ্দিনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

হত্যাকাণ্ডের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ৩১ বছর ধরে পলাতক ছিলেন তিনি। এই সময় তিনি বদরগঞ্জ উপজেলায় আত্মগোপনে বসবাস করছিলেন।

খবর পেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার ও আদালতের রায় কার্যকরের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শফি উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top