রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

চোর সন্দেহে যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে ঝুলিয়ে মারধর, ভিডিও ভাইরাল

শেরপুর প্রতিনিধি | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০

ছবি: সংগৃহীত

শেরপুরে চোর সন্দেহে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে দেয়ালের সঙ্গে ঝুলিয়ে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকালে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা পশ্চিমপাড়া সাতঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. জসিম উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করেন। পোস্টে তিনি ঘটনার নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভুক্তভোগী নিলু মিয়া (২৫) পাকুরিয়া ইউনিয়নের গনই মমিনাকান্দা গ্রামের বাসিন্দা।

নিলু মিয়ার মা অভিযোগ করে বলেন, তার নিরপরাধ ছেলেকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে দেয়ালের সঙ্গে ঝুলিয়ে মারধর করা হয়েছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, যারা তার ছেলেকে চোর অপবাদ দিয়ে নির্যাতন করেছে, তারা নিজেরাই নানা অপরাধের সঙ্গে জড়িত। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে শেরপুর সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top