ইমাম নিয়ে দ্বন্দ্বে মসজিদে তালা, বাইরে ফজরের নামাজ পড়লেন মুসল্লিরা
সিরাজগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৪
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি জামে মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনায় মুসল্লিরা মসজিদের বাইরে ফজরের নামাজ আদায় করতে বাধ্য হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির পর নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা মসজিদের প্রধান ফটকে তালা দেখতে পান। পরে বাধ্য হয়ে বাইরে জামাতে নামাজ আদায় করেন তারা। দুপুরে পুলিশ, ইসলামিক ফাউন্ডেশন ও মসজিদ কমিটির উপস্থিতিতে তালা ভেঙে নামাজের ব্যবস্থা করা হয়।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, ইমাম আব্দুল হাইকে নিয়ে মতবিরোধ থেকেই এ পরিস্থিতির সৃষ্টি। এক পক্ষের দাবি, তার কেরাত অনেকের পছন্দ নয় এবং তাকে পরিবর্তনের দাবি ওঠে। অন্য পক্ষ বলছে, বিষয়টিকে অযথা দলীয় রূপ দেওয়া হচ্ছে।
মসজিদ কমিটির সেক্রেটারি মো. রফিকুল ইসলাম বলেন, কে বা কারা তালা দিয়েছে তা তিনি জানেন না। স্থানীয় জামায়াতের নেতারাও ঘটনাকে অভ্যন্তরীণ বিরোধ হিসেবে উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন।
সদর থানার সহকারী উপপরিদর্শক শফিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা তালা দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সঠিক তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।