নড়াইলে গ্রুপ সংঘর্ষে বাবা-ছেলে সহ ৪ জন নিহত, আটক ৫
নড়াইল প্রতিনিধি | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬
নড়াইল সদরে সামাজিক ও স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপ সংঘর্ষে বাবা-ছেলে সহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে নড়াইল সদরের সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন: খলিল শেখ (৬৫), সদর উপজেলার বড়কুলা গ্রামের বাসিন্দা, তাহাজ্জুদ শেখ (৪০), খলিল শেখের ছেলে, ফেরদৌস শেখ (৩৫), তাহাজ্জুদ শেখের চাচাতো ভাই, ওসিবুর ফকির (৩০), প্রতিপক্ষ ওসমান ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাইরুজ্জামানের গ্রুপ ও নিউটন সমর্থিতদের মধ্যে স্থানীয় আধিপত্যের জেরে উত্তেজনা চলছিল। ঘটনার দিনে খয়ের চেয়ারম্যান সমর্থিতরা ধারালো অস্ত্র নিয়ে নিউটন সমর্থিতদের ওপর হামলা চালায়।
নিহতদের স্বজন অভিযোগ করেছেন, হামলায় ৫০-৬০ জন দেশীয় অস্ত্রধারী ব্যক্তি হামলায় লিপ্ত ছিলেন। নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান, আর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানিয়েছেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে এবং প্রতিপক্ষের একজন হাসপাতালেই মারা গেছে। তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এ ঘটনায় এলাকার মানুষ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে এবং বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।