হালিশহরের গ্যাস বিস্ফোরণে দগ্ধ রাণী আক্তারের মৃত্যু, ঢাকায় নেওয়ার পথে শেষ নিঃশ্বাস
জোবায়ের হোসেন | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮
চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন এসি মসজিদের পাশে একটি আবাসিক ভবনের রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে রাণী আক্তার (৪০) নামে একজন মারা গেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুল্যান্সেই তার মৃত্যু হয়। এর আগে দুপুর ২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে ঢাকায় রেফার করা হয়। রাণী আক্তার কুমিল্লা জেলার বরুড়া থানার বাগমারা এলাকার বাসিন্দা।
নিহতের স্বজন মো. মকবুল জানান, ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। বাকি আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও হাসপাতালের সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ঘটনায় দগ্ধরা হলেন— শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), উম্মে আইমন (৯), আয়েশা আক্তার (৪) ও পাখি আক্তার (৩৫)।
বার্ন ইউনিটের চিকিৎসকদের তথ্য অনুযায়ী, শাখাওয়াত হোসেন, পাখি আক্তার ও রাণী আক্তারের শ্বাসনালির শতভাগ পুড়ে গেছে। মো. শিপনের শ্বাসনালির ৮০ শতাংশ, মো. সুমন ও মো. শাওনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিন শিশু— মো. আনাস, উম্মে আইমন ও আয়েশা আক্তারের ২০–২৫ শতাংশ দগ্ধ হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে হালিমা মঞ্জিল নামের ভবনের তৃতীয় তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।