মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকত উল্লাহ বুলু

নোয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২

ছবি: সংগৃহীত

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে। তিনি এই মন্তব্য করেছেন সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বেগমগঞ্জে প্রান্তিক মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের সময়।

বরকত উল্লাহ বুলু বলেন, "এলপিজি গ্যাসের দাম আগে ২২০০/২৩৫০ টাকা ছিল, যা এখন ১২৮০ টাকার মধ্যে নামিয়েছে সরকার। ধীরে ধীরে সব পণ্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। বিএনপির পূর্ববর্তী প্রশাসনের অভিজ্ঞতা ও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে।"

তিনি আরও জানান, বেগমগঞ্জে মোট ৩২ লাখ টাকার ইফতার সামগ্রী প্রান্তিক ৫ হাজার মানুষের মাঝে বিতরণ করা হবে। পরবর্তীতে ঈদ সামগ্রী বিতরণও করা হবে। বরকত উল্লাহ বুলু আহ্বান জানান, বেগমগঞ্জের বিত্তবানরা মাহে রমজান মাসে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ান, যাতে তারা সুষ্ঠুভাবে ইফতার করতে পারে। তিনি বলেন, "আমরা বিএনপি প্রান্তিক মানুষের পাশে আছি। এছাড়া বিত্তবানরা এগিয়ে এলে আমরা খুশি হব।"

এসময় বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মহসিন আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top