অবশেষে দেশে ফিরলেন সৌদিতে নির্যাতনের শিকার আকলিমা
হবিগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের আকলিমা খাতুন, যিনি সৌদি আরবে নারী নির্যাতনের শিকার হয়েছিলেন, অবশেষে দেশে ফিরে এসেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
জানা যায়, গত জানুয়ারিতে ঢাকার বনানী এলাকায় অবস্থিত আবির এন্ড ব্রাদারস লিমিটেড নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে স্থানীয় দালাল জহির ও লতিফ মিয়ার সহযোগিতায় আকলিমাকে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পরই তিনি নানা ধরনের নির্যাতনের শিকার হন। পরে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তার কষ্টের ঘটনা প্রকাশ পায় এবং এটি দ্রুত দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের উদ্যোগে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
আকলিমা খাতুন বলেন, “আমার মতো আর কোনো নারী যেন ভুয়া রিক্রুটিং এজেন্সি ও দালালের ফাঁদে পড়ে না। নারীর প্রতি এমন প্রতারণার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।”
তিনি আরও জানান, এ বিষয়ের অভিযোগ মাধবপুর থানায় দায়ের করা হয়েছে এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।