দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ জরুরি: লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু
লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১০:১৮
দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ‘আলোকিত লালমনিরহাট’ গঠনের লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লালমনিরহাট চার্চ অব গড মিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় ত্রাণমন্ত্রী বলেন, সামাজিক অপরাধ দমনে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব নয়।
তিনি আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ, সুদ ও ক্যাসিনোসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। পাশাপাশি শিশুদের খেলাধুলামুখী পরিবেশে ফিরিয়ে আনতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
লালমনিরহাট পৌরসভা ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আসাদুজ্জামান, পৌর প্রশাসক রাজীব আহসান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সামাজিক উন্নয়ন ও অপরাধ প্রতিরোধে নানা পরামর্শ তুলে ধরেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।