শিশুদের হামে উদ্বেগ বাড়ছে, অভিভাবকদের সতর্ক করলেন শায়খ আহমাদুল্লাহ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১২:২৯
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করে শিশুদের মধ্যে হাম সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে অভিভাবকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।
সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বর্তমান সময়ে শিশুরা খুব সহজেই বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এর পেছনে কৃত্রিম জীবনযাপন, প্রকৃতি থেকে দূরে থাকা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াকে দায়ী করেন তিনি।
তিনি উল্লেখ করেন, অনেক শিশু এখন ডে-কেয়ার বা অন্যের তত্ত্বাবধানে বড় হচ্ছে, ফলে তারা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। পাশাপাশি পারিবারিক ও আধ্যাত্মিক যত্নের ঘাটতির কথাও তুলে ধরেন তিনি।
আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আরও বলেন, হাসপাতালে বিশেষ করে এনআইসিইউ (NICU) সুবিধার অভাবের কারণে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসা সংকট তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে শিশুমৃত্যুর ঘটনাও ঘটছে, যা স্বাস্থ্যখাতের দুর্বলতার একটি প্রতিচ্ছবি।
তিনি জানান, সরকারি হাসপাতালগুলোতে শিশুদের জন্য ক্রিটিক্যাল কেয়ার সুবিধা সীমিত হওয়ায় সামান্য অসুস্থতাতেও রোগীদের ঢাকায় আসতে হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের পুষ্টিকর খাবার দেওয়া, প্রকৃতির সঙ্গে সংযুক্ত রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশে বড় করে তোলা জরুরি। হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।