শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ফুটবল ম্যাচের মাইকিং ঘিরে ফরিদপুর রণক্ষেত্র, চার গ্রামের সংঘর্ষে আহত ২০০

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৩:৪৪

ছবি: সংগৃহীত

ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চার গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ৪ থেকে ৫ ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০০ জন আহত হয়েছেন। এসময় অন্তত ৫০টি দোকান ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার প্রচারণার জন্য মাইকিং করছিলেন। এ সময় খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন যুবক তাকে মারধর ও লাঞ্ছিত করে। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারে প্রথম দফা সংঘর্ষ বাধে।

রাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। চার গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মুনসুরাবাদ গ্রামের বাসিন্দারা ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। অপরদিকে খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের লোকজন হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ ঘরবাড়ির ছাদ ও দোকানের আড়াল থেকে ইট-পাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপ করে। এতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করলে তাদের কয়েকজন সদস্যও আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, একাধিক গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। ঘটনাটি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top