শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী, ভিডিও ভাইরাল

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৫:৩৮

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ছালেহা বেগম (৪০) ছোটধনতোলা এলাকার বাসিন্দা এবং বদিয়া মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকাল ৭টার দিকে বংশিপাড়া এলাকার একটি জমি থেকে করলা নেওয়ার সময় ছালেহা বেগমকে হাতেনাতে আটক করেন জমির মালিক ও স্থানীয়রা। পরে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়।

এরপর সকাল ৯টার দিকে ঘটনাস্থলে এসে স্বামী বদিয়া মিয়া স্ত্রীকে একটি গাছে বেঁধে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জমির মালিক ফরহাদ হোসেন জানান, তার জমি থেকে প্রায়ই করলা চুরি হচ্ছিল। পরে নজরদারি করে এক নারীকে করলাসহ আটক করা হয়। বিষয়টি জানালে তার স্বামী এসে তাকে মারধর করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন বলেন, করলাসহ এক নারীকে আটক করা হয়েছিল। পরে তার স্বামী এসে তাকে শাসন করে বাড়িতে নিয়ে যান।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী জানান, এ ধরনের একটি ঘটনার কথা শোনা গেছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top