সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

“জেল খাটা কেমন” এই কৌতূহল থেকে পরিকল্পিতভাবে শিশু হোসাইনকে হত্যা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৫:১৫

সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইন হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। সমবয়সী ও কিশোর বন্ধুদের একটি দল শুধুমাত্র “জেল খাটা কেমন”—এই কৌতূহল থেকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।

সোমবার (২৭ এপ্রিল) সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি জানান, নিহত হোসাইন তার বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করত। গত ১৮ এপ্রিল সকাল থেকে নিখোঁজ থাকার পর ২৩ এপ্রিল বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনির একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তে উঠে আসে, ওই বাড়িতে নিয়মিত আড্ডা দিত কয়েকজন কিশোর এবং তারা মাদকসেবনের সঙ্গে জড়িত ছিল। ঘটনার দিন সাইফুল, তানভীর ও ইউনুস নিজেদের মধ্যে আলোচনা করে—খুন করলে জেলে যেতে হয়, আর সেই অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা থেকেই তারা হত্যার পরিকল্পনা করে। পরে পথ দিয়ে যাওয়া হোসাইনকে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে আগে থেকেই তাদের আরও কয়েকজন সহযোগী উপস্থিত ছিল।

এরপর সবাই মিলে হোসাইনকে ছুরিকাঘাতে হত্যা করে এবং মরদেহ ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি সন্দেহজনক কথোপকথন শুনে বিষয়টি বুঝতে পারেন। তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান এবং এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনার তথ্য বেরিয়ে আসে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, অভিযান চালিয়ে প্রথমে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচ কিশোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মোট ছয়জন গ্রেপ্তার হয়েছে এবং আরও একজন পলাতক রয়েছে। প্রধান আসামি ইয়াসিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top