২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে দেশ গড়ায় কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৬:৪৮
যশোরের শার্শা উপজেলায় এক সমাবেশে বক্তব্য দিয়ে তারেক রহমান বলেছেন, দেশের বিশাল জনশক্তিকে অলস বসিয়ে না রেখে উন্নয়নের কাজে লাগাতে হবে। তিনি দাবি করেন, তাদের দলের রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবং দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
সোমবার (২৭ এপ্রিল) ‘উলসী-যদুনাথপুর’ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। খালটি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান জানান, দীর্ঘদিন ধরে খালটি দখল ও ভরাট হয়ে থাকায় কৃষকরা উপকৃত হচ্ছিলেন না। পুনঃখননের ফলে প্রায় ২০ হাজার কৃষক সরাসরি সুবিধা পাবেন, খাদ্যশস্য উৎপাদন বাড়বে এবং প্রায় ৭২ হাজার মানুষ উপকৃত হবেন। পাশাপাশি খালের দুই পাড়ে ৩ হাজার গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, পানি থাকলে স্থানীয় নারীরা হাঁস পালন করে বাড়তি আয় করতে পারবেন। আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার ‘জিয়া খাল’ খননের পরিকল্পনার কথাও জানান তিনি।
নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করেছিলেন। এবার তা ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান। মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ উপবৃত্তির কথাও বলেন।
নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘এলপিজি কার্ড’ চালুর কথা উল্লেখ করে তিনি জানান, নারী প্রধান পরিবারগুলোকে মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হবে। এছাড়া রান্নার সুবিধার্থে এলপিজি কার্ড দেওয়া হবে।
কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি বন্ধ কলকারখানা চালু করে যুবকদের কর্মসংস্থান এবং ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালুর কথাও উল্লেখ করেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করে তিনি বলেন, কিছু মহল বিভ্রান্তি ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষে ‘গড়বো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান তুলে ধরে তিনি বলেন, অতীতে যেমন দেশের মানুষ বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, তেমনি ভবিষ্যতেও উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।
সমাবেশে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে উলসী খালের ওপর একটি নতুন সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।