রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

এসএসসি পরীক্ষা চলাকালে হলের ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায়

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৭:৩০

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার কক্ষে সিলিং ফ্যান খুলে এক শিক্ষার্থীর মাথায় পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে তার মাথার একপাশ কেটে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মো. নিয়ামুল হাসান, তিনি দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার রোল নম্বর ১৯২২৬৭।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ কক্ষের সিলিং ফ্যান খুলে শিক্ষার্থীর মাথার ওপর পড়ে। এতে ফ্যানের পাখার আঘাতে তিনি সামান্য আহত হন এবং মাথার একপাশ কেটে যায়। এ ঘটনায় পরীক্ষার কক্ষে থাকা অন্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশনায় একটি চিকিৎসক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে তিনি আবার পরীক্ষায় অংশ নেন।

আহত হওয়া ও চিকিৎসা নিতে সময় লাগায় তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রের কিছু কক্ষে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যান থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানিয়েছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর সে পুনরায় পরীক্ষায় অংশ নেয়। শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top