ছিয়াত্তরে বাবার উদ্বোধন, ছাব্বিশে ছেলের পুনঃখনন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৪:২৩
পাঁচ দশক আগে যশোরের শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। সময়ের ব্যবধানে সেই ধারাবাহিকতায় এবার দেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে একই খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন তার বড় ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে খালটির পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নবউদ্বোধিত নামফলকে উল্লেখ করা হয়েছে, যশোর জেলার শার্শা উপজেলাধীন উলশী খাল (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্যদিকে, প্রায় পাঁচ দশক আগে স্থাপিত নামফলকে উল্লেখ রয়েছে, উলশী-যদুনাথপুর বেতনা নদীর সংযোগ প্রকল্পের আওতায় স্বেচ্ছাশ্রমভিত্তিক গণউপযোগী কর্মসূচির অংশ হিসেবে ১৯৭৬ সালের ১ নভেম্বর মেজর জেনারেল জিয়াউর রহমান এই খাল খনন কার্যক্রম উদ্বোধন করেছিলেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, একটি পক্ষ নিজেদের স্বার্থে সনদের অপব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, তাদেরকে অতীতের মতোই জনগণ জবাব দেবে। তিনি দেশের উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের কোটি কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের ধারা এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, তার দলের শাসনামলে প্রতিবারই জনগণের উন্নয়নে উদ্যোগ নেওয়া হলেও নানা ষড়যন্ত্রের মুখে পড়তে হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে অর্থনীতিতে চাপ সৃষ্টি হলেও ধাপে ধাপে সরকারের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আগের সরকারের সময় বড় বড় প্রকল্পের আড়ালে দুর্নীতি হয়েছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বন্ধ হয়ে থাকা অনেক শিল্পকারখানা ইতোমধ্যে চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব বন্ধ কারখানা চালু হলে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে।
এছাড়া নারীদের শিক্ষায় অগ্রাধিকার দিয়ে ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার কথা জানান তিনি। একইসঙ্গে গৃহস্থালি কাজে সুবিধার জন্য নারীদের জন্য গ্যাস সিলিন্ডার সহায়তা কার্ড চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।