শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

দুর্নীতির অভিযোগে ভূমি উপসহকারী কর্মকর্তা মো. সাজ্জাতুল হক চাকরিচ্যুত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১২:১২

সংগৃহীত

দুর্নীতির একাধিক গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. সাজ্জাতুল হক-কে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তিনি কোনো ধরনের সরকারি আর্থিক সুবিধা বা বকেয়া প্রাপ্যও পাবেন না বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত দেওয়া হয়, যা পরে শুক্রবার (১ মে) প্রকাশ্যে আসে।

আদেশ সূত্রে জানা যায়, সাজ্জাতুল হক জামালপুর পৌর ভূমি অফিসে কর্মরত থাকাকালে স্বাক্ষর জালিয়াতি, ভুয়া নামজারি, ডি.সি.আর-এর মাধ্যমে হোল্ডিং খোলা এবং সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে।

২০২৩ সালে বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনিক তদন্ত শুরু হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (০৪/২০২৪) দায়ের করে।

তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সহকারী পরিচালক চৌধুরী বিশ্বনাথ আনন্দকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় কমিশনার তার বিরুদ্ধে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত দেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অফিস খোলার পর অভিযুক্ত কর্মকর্তার কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে পরবর্তী প্রশাসনিক কার্যক্রম নেওয়া হবে।

এদিকে, তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top