কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে মোটরসাইকেলে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা
ফরহাদ হোসেন রাজ | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৫:১৪
কিশোরগঞ্জ পৌর শহরের গাইটাল এলাকায় মুরাদ পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় একটি মোটরসাইকেলে হঠাৎ আগুন ধরে যায়। এতে মোটরসাইকেল চালক ও ব্যবসায়ী আল আমিন অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা আল আমিন নান্দাইল চৌরাস্তায় একটি অটো পার্টসের দোকান পরিচালনা করেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে কিশোরগঞ্জ পৌর শহরের মুরাদ পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য থামেন।
তেল নেওয়া শেষ করে মোটরসাইকেলটি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই ইঞ্জিনে আগুন ধরে যায়।
আগুন দেখতে পেয়ে আল আমিন দ্রুত মোটরসাইকেলটি ফেলে নিরাপদ দূরত্বে সরে যান। এ সময় পাম্পে থাকা লোকজন দ্রুত এগিয়ে এসে মোটরসাইকেলটি সরিয়ে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগুন পেট্রোল পাম্প এলাকায় ছড়িয়ে পড়লে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি বা জ্বালানি লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।