শিক্ষা ক্যাডার থেকে ৫ কর্মকর্তার পদত্যাগ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৫:১২
৪৪তম বিসিএসের মাধ্যমে নতুন ক্যাডারে নিয়োগ পাওয়ার পর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পাঁচজন প্রভাষক পদত্যাগ করেছেন। তাঁদের আবেদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে অব্যাহতি দিয়েছে।
সোমবার (৪ মে) জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন সরকারি কলেজে কর্মরত এসব কর্মকর্তা নতুন ক্যাডারে যোগদানের সুযোগ পাওয়ায় শিক্ষা ক্যাডার থেকে অব্যাহতির আবেদন করেন, যা গ্রহণ করা হয়েছে।
অব্যাহতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—নাটোরের গুরুদাসপুরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. আশরাফুল ইসলাম, কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মো. মহি উদ্দিন এবং চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. আশরাফুল ইসলাম।
অন্যদিকে ফেনীর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল লিমন এবং সিলেটের একটি সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আপেল-কেও অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে কেউ প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার, কেউ আনসার ক্যাডারে সহকারী পরিচালক এবং কেউ পরিবার পরিকল্পনা ক্যাডারে কর্মকর্তা হিসেবে যোগ দিচ্ছেন।
প্রশাসনিক নিয়ম অনুযায়ী নতুন ক্যাডারে যোগদানের সুযোগ পাওয়ায় তাঁরা আগের শিক্ষা ক্যাডার থেকে সরে দাঁড়িয়েছেন, এবং সেই অনুযায়ী মন্ত্রণালয় তাদের অব্যাহতি অনুমোদন করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।