গোনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে করেছি মাদানী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৫:৪৫
নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী।
বুধবার সকালে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানান, আল্লাহর ভয় এবং গোনাহ থেকে নিজেকে দূরে রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, অনেকেই বিবাহিত থাকা সত্ত্বেও গোপনে হারামে জড়িয়ে পড়েন, কিন্তু তিনি আল্লাহর বিধানের ভেতরে থেকেই হালাল পথে থাকতে চেয়েছেন।
দ্বিতীয় বিয়ের কারণে প্রথম স্ত্রীর কষ্ট হচ্ছে—এ বিষয়টিও তিনি স্বীকার করেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তার স্ত্রীর মন নরম হয়। একই সঙ্গে তাদের আড়াই বছরের দাম্পত্য জীবনে কোনো অভিযোগ ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ইসলামি শরিয়ত অনুযায়ী একাধিক বিয়ের ক্ষেত্রে ইনসাফ বা সমতা রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। এ বিষয়ে তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করেন, যেন তিনি কোনো স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ না করেন বা কারও ওপর অবিচার না করেন।
স্ট্যাটাসের শেষাংশে তিনি দুই পরিবারের জন্য দোয়া চান এবং আশা প্রকাশ করেন, আল্লাহ যেন সবাইকে ধৈর্য ও সহজভাবে বিষয়টি গ্রহণ করার তাওফিক দেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।